সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১২
Led Bottom Ad

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, সংখ্যা বেড়ে ১২

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/০৪/২০২৬ ২০:৫৩:৫০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।


সোমবার (২৭ এপ্রিল) সকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির।


মারা যাওয়া শিশুটির নাম রবিউল হাসান। তার বয়স এক বছর পাঁচ মাস। বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহজনক হাম, ব্রঙ্কোনিউমোনিয়া ও সেপটিক শক নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে।


এদিকে রোগীর চাপ সামাল দিতে সোমবার (২৭ এপ্রিল) থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অতিরিক্ত পাঁচটি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চালু করা হয়েছে। বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১০টি এবং শামসুদ্দিন হাসপাতালে পাঁচটি আইসিইউ শয্যা প্রস্তুত রয়েছে।


স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ১৭২ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নয়জন ভর্তি আছেন। বাকিরা অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


গত ২৪ ঘণ্টায় পরীক্ষাগারে নতুন করে একজনের হাম শনাক্ত হয়েছে। একই সময়ে ৩৮ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।


চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৮০ জন হাম রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়া শিশুদের মধ্যে দুজনের ক্ষেত্রে হাম নিশ্চিত করা হয়েছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad