সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি ওই কলেজের শিশু বিভাগের অধ্যাপক হিসেবেও কর্মরত। তাঁর এই নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি নতুন প্রশাসনিক অভিভাবক পেল।
মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ১১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ হবে চার বছর। তবে উপাচার্য পদে যোগদানের আগে তাঁকে তাঁর বর্তমান সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতি ও আচার্য চাইলে যে কোনো সময় জনস্বার্থে এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। সিলেট অঞ্চলের চিকিৎসা শিক্ষার উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা আনতে তাঁর এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: