উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’
২ মে সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবারের মতো পুণ্যভূমি সিলেট সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২ মে (শনিবার) তাঁর এই বহুল প্রতীক্ষিত সফরের পূর্ণাঙ্গ সূচি রোববার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সিলেট জেলা স্টেডিয়াম থেকে দেশব্যাপী আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রকাশিত সূচি অনুযায়ী, ২ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর সকাল সাড়ে ১০টায় তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় নগরের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাবদ্ধতা নিরসন প্রকল্প এবং সুরমা নদীর দুই পাড়ে ১৫ কিলোমিটারব্যাপী তীর সংরক্ষণ মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল খননকাজের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
বিকেলের কর্মসূচিতে প্রধানমন্ত্রী বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৫টায় সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত দলীয় সভায় অংশগ্রহণ করবেন তিনি। দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে সন্ধ্যা ৭টায় তাঁর ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার কথা রয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে রোববার দুপুরে কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীর সংরক্ষণ প্রকল্পের স্থান পরিদর্শন করেছেন সিসিক প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, দায়িত্ব গ্রহণের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম সিলেট সফর, তাই এই সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি জোরালোভাবে চলছে।
এ রহমান
মন্তব্য করুন: