গোয়েন্দা প্রতিবেদনের পর সিলেটে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
Led Bottom Ad

নিরাপত্তা জোরদার

গোয়েন্দা প্রতিবেদনের পর সিলেটে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/০৪/২০২৬ ২২:১২:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নাশকতার আশঙ্কায় সারাদেশের পাশাপাশি সিলেটেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে এ সতর্কতা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সূত্র জানায়, একটি চক্র সরকারকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।


এরই পরিপ্রেক্ষিতে সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে সক্রিয় রয়েছে পুলিশের একাধিক বিশেষ ইউনিট।


গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “কোনো দুষ্কৃতিকারী চক্র যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে জন্য সারাদেশের প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।”


পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে দেশজুড়ে পুলিশকে আরও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। সম্ভাব্য নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।


সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন, “এখন পর্যন্ত কেন্দ্র থেকে কোনো বিশেষ বার্তা পাওয়া যায়নি। তবে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।”


অন্যদিকে র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম শহীদুল ইসলাম সোহাগ বলেন, কেন্দ্রীয় নির্দেশনার আলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিয়মিত অভিযানের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সাদা পোশাকে সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।


তিনি আরও জানান, সিলেটে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad