সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবির নেতাকর্মীদের ওপর হামলা এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (২২ এপ্রিল) বিকেলে সিলেট মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বন্দরবাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেন, চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের কর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তিনি অভিযোগ করেন, জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে সৃষ্ট জনদুর্ভোগ এবং সরকারের বিভিন্ন ব্যর্থতা আড়াল করতেই হল ও ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সাজু হুঁশিয়ারি দিয়ে বলেন, সিলেটের কোনো ক্যাম্পাসে সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করলে ছাত্রশিবির তা কঠোরভাবে মোকাবিলা করবে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবকে পুঁজি করে প্রধানমন্ত্রী হলেও সংশ্লিষ্টরা সেই বিপ্লবের চেতনাকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। জুলাই সনদ বাতিলের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আন্দোলনকে ভিন্ন খাতে নিতেই এখন ছাত্র হত্যার মতো পথ বেছে নেওয়া হয়েছে। ক্যাম্পাসে আর কোনো তাঁবেদারি চলবে না উল্লেখ করে তিনি জানান, ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাস পরিচালনা করবেন। কোনো মহল বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তার যথাযথ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।
মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের এবং সিলেট জেলা পূর্বের সেক্রেটারি আদিলুর রহমান। এছাড়াও মিছিলে সিলেট মহানগরের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা অবিলম্বে সাকিবুল হাসান রানা হত্যার বিচার এবং ক্যাম্পাসগুলোতে নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
এ রহমান
মন্তব্য করুন: