সুনামগঞ্জে অর্ধ কোটি টাকার স্বর্ণ ও ডলার চুরি: ৫ চোর আটক
সুনামগঞ্জ শহরের একটি প্রবাসী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনায় আলোচিত প্রায় অর্ধ কোটি টাকার স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রাসহ ৫ জন চোরকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার (২২ এপ্রিল) পুলিশ এই সফল অভিযানের তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক সময়ে শহরে চোরের উপদ্রব বেড়ে যাওয়ায় শহরবাসীর মধ্যে বিরাজমান আতঙ্কের মাঝে এই রহস্য উদঘাটন জনমনে স্বস্তি ফিরিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ শহরের এক লন্ডন প্রবাসীর বাড়িতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একদল চোর প্রবেশ করে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের স্বর্ণ, বৈদেশিক মুদ্রা ও নগদ টাকা নিয়ে যায়। এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের পর সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখের নির্দেশনায় তদন্তে নামেন এসআই জহির উদ্দিন। পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মূল হোতা পূর্ব তেঘরিয়া এলাকার জাবেদকে গ্রেফতার করা হয়। জাবেদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ চুরির মালামাল কেনাবেচায় জড়িত স্বর্ণ ব্যবসায়ীসহ চক্রের অন্য সদস্যদের আটক করে। অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা ও সদর মডেল থানার ওসি রতন সেখ পিপিএম এই অভিযানে সরাসরি নেতৃত্ব দেন।
আটককৃত আসামিরা হলো—পূর্ব তেঘরিয়া এলাকার জাবেদ হোসেন (৩৪), উত্তর আরফিননগরের মোঃ ময়না মিয়া (৩২) ও তাঁর স্ত্রী লিজা বেগম (২৬), নতুন হাছননগরের বাচ্চু মিয়া (৪৮) এবং রায়পাড়া এলাকার স্বর্ণ ব্যবসায়ী বিষ্ণু বণিক (৬৩)। পুলিশ জানিয়েছে, আটককৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশের এই তৎপরতায় স্থানীয় বাসিন্দারা প্রশংসা জানালেও জামিনে বেরিয়ে এসে চোরেরা যেন পুনরায় একই অপরাধে জড়াতে না পারে, সে বিষয়ে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন শহরবাসী।
এ রহমান
মন্তব্য করুন: