বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা
Led Bottom Ad

বিশ্বম্ভরপুরে মোটরসাইকেল চালককে গলা কেটে হত্যা

নিজস্ব প্রতিনিধি, বিশ্বম্ভরপুর

২২/০৪/২০২৬ ১৯:২৭:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় আনছর আলী (২৮) নামের এক ভাড়ায়চালিত মোটরসাইকেল চালককে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক এলাকা সংলগ্ন হাওরের জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আনছর আলী উপজেলার চালবন গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আনছর আলী প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ভাদেরটেক গ্রামের দুই শ্রমিককে মোটরসাইকেলে করে যাদুকাটা নদীর লাউড়েরগড় এলাকায় নিয়ে যান। বিকেলে তাঁদের পুনরায় ভাদেরটেক বাজারে পৌঁছে দিয়ে রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে নাশতা করেন। তবে রাত গভীর হলেও তিনি আর বাড়ি ফেরেননি এবং তাঁর মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। বুধবার সকালে ভাদেরটেক গ্রাম থেকে এক কিলোমিটার দূরে মণিপুরী ঘাট যাওয়ার রাস্তার পাশে হাওরের জমিতে তাঁর গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

নিহতের স্বজনদের দাবি, মঙ্গলবার রাতের ঝড়ের আগে কোনো এক সময়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মরদেহের গলায় ছুরিকাঘাতের পাশাপাশি পিঠেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এদিকে নিহতের মোটরসাইকেলটি ভাদেরটেক বাজার এলাকাতেই পড়ে থাকতে দেখা গেছে। বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আনছর আলীকে নির্জন স্থানে নিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এলাকায় তাঁর কোনো পূর্বশত্রু ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad