বিশ্বনাথে ঝড়ে গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিলেটের বিশ্বনাথে মঙ্গলবার রাতের আকস্মিক ঝড়ে সড়কের পাশে থাকা গাছের ডাল ভেঙে মাথায় পড়ে সেবুল আহমেদ (৪০) নামের এক গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে তেমুখী বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় সেবুল আহমেদ তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি বড় গাছের ডাল ভেঙে সরাসরি তাঁর মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে যান। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকা অবস্থায় রাত ১২টার দিকে তাঁর মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অফিস শেষে বাড়ি ফেরার পথে ঝড়ের কবলে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গ্রামীণ ব্যাংকের একজন নিষ্ঠাবান কর্মকর্তার এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বুধবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: