ধর্মপাশায় দাখিল পরীক্ষা চলাকালে ব্যাংকে কেন্দ্র সচিব: ইউএনওর ক্ষোভ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে গুরুত্বপূর্ণ দায়িত্ব ফেলে ব্যক্তিগত কাজে ব্যাংকে সময় কাটানোর অভিযোগ উঠেছে এক কেন্দ্র সচিবের বিরুদ্ধে। অভিযুক্ত সাইদুর রহমান ধর্মপাশা বালিকা উচ্চবিদ্যালয় দাখিল পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব এবং উপজেলার খয়েরদিরচর আলিম মাদ্রাসার সুপারিনটেনডেন্ট।
জানা গেছে, মঙ্গলবার পরীক্ষার প্রথম দিনে ধর্মপাশা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে খয়েরদিরচর আলিম মাদ্রাসার ১০৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। পরীক্ষা চলাকালীন বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর কেন্দ্র পরিদর্শন শেষে চলে যাওয়ার পরপরই কেন্দ্র সচিব সাইদুর রহমানও কেন্দ্র ত্যাগ করেন। দুপুর ১২টার দিকে কেন্দ্র সচিবকে পরীক্ষা কেন্দ্রের পাশের একটি ব্যাংকের শাখায় অবস্থান করতে দেখা যায়। এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ব্যক্তিগত কাজে ব্যাংকে এসেছেন। তবে কার অনুমতি নিয়েছেন, তার কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।
পরীক্ষা কেন্দ্রে নিযুক্ত ট্যাগ অফিসার মঞ্জুর হোসেন জানান, তিনি হলের ভেতরে দায়িত্ব পালনে গিয়েছিলেন, ফিরে এসে কেন্দ্র সচিবকে পাননি। কেন্দ্র সচিব বাইরে যাওয়ার বিষয়ে তাঁকে কিছুই জানাননি। এ বিষয়ে ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, পরীক্ষা চলাকালীন এভাবে কাউকে না বলে বা অনুমতি ছাড়া কেন্দ্র সচিবের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: