সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি: পাকা ধান দ্রুত কাটার পরামর্শ পাউবোর
Led Bottom Ad

সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি: পাকা ধান দ্রুত কাটার পরামর্শ পাউবোর

প্রীতম দাস, সুনামগঞ্জ

২১/০৪/২০২৬ ১৯:৩০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং অব্যাহত ভারী বৃষ্টিপাতে সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা ও বাউলাইসহ জেলার প্রধান নদ-নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে জেলাজুড়ে আগাম বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এমন নাজুক অবস্থায় বোরো ফসল রক্ষায় যেসব জমির অন্তত ৮০ শতাংশ ধান পেকে গেছে, সেগুলো বিলম্ব না করে দ্রুত কেটে ঘরে তোলার জন্য কৃষকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ শাখার নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার স্বাক্ষরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবহাওয়া অধিদপ্তর ও পাউবোর সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেশের উত্তর-পূর্বাঞ্চল এবং সীমান্তবর্তী উজান অববাহিকায় বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। এর প্রভাবে সুনামগঞ্জের প্রধান নদ-নদীগুলোর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আগামী কয়েকদিনের মধ্যে বিপদসীমার কাছাকাছি পৌঁছাতে পারে, যা আগাম বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে।

এছাড়া হাওরের অভ্যন্তরে অবিরাম বৃষ্টিপাতের ফলে নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাকা ধান তলিয়ে যাওয়ার ঝুঁকির কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, “বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। ফসলের ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যেসব জমির ধান ৮০ শতাংশ পেকেছে, সেগুলো দ্রুত কর্তন করে নিরাপদে সরিয়ে নিতে হবে।” হাওর অধ্যুষিত সুনামগঞ্জের কৃষকদের প্রধান জীবিকা বোরো ধান হওয়ায় আগাম বন্যার এই সতর্কবার্তা জনমনে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকেও কৃষকদের দ্রুত ধান ঘরে তোলার জন্য তাগিদ দেওয়া হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad