বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
সিলেটে ইতালি নেওয়ার নামে ১০ কোটি টাকা নিয়ে লাপাত্তা দুই ভাই
: বিয়ানীবাজারে
**নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার**
সিলেটের বিয়ানীবাজারে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে দুই ভাই উধাও হওয়ার খবর পাওয়া গেছে। অভিযুক্তরা হলেন উপজেলার জলঢুপ পাড়িয়াবহর এলাকার সফাত আলীর ছেলে কাওছার হোসেন ও দেলোওয়ার হোসেন। কাওছার ইতালিতে অবস্থান করে প্রলোভন দেখাতেন এবং দেশে থাকা ভাই দেলোওয়ার সেই টাকা সংগ্রহ করতেন। ভুক্তভোগীদের অভিযোগ, গত শুক্রবার (১৭ এপ্রিল) টাকা ফেরত চেয়ে ওই ‘আদম ব্যবসায়ীদের’ বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মধ্যরাতে থানা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
ভুক্তভোগীরা জানান, কাওছার হোসেন শুরুতে কয়েকজনকে কৃষি ভিসায় ইতালি নিয়ে যাওয়ায় এলাকায় তাঁর বিশ্বাসযোগ্যতা তৈরি হয়। এরপর ইউরোপে ইচ্ছুক ব্যক্তিদের কাছ থেকে জনপ্রতি ১৪-১৫ লাখ টাকা চুক্তি করে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়। ৪-৫ বছর ধরে অপেক্ষার পরও ভিসা না হওয়ায় পাওনাদাররা চাপ দিলে কাওছার ইতালি থেকে আত্মগোপন করেন এবং দেশে থাকা দেলোওয়ারও লাপাত্তা হয়ে যান। অভিযুক্তদের বাবা সফাত আলীর দাবি, ইতালি দূতাবাস ভিসা বন্ধ করে দেওয়ায় এবং ইতালির নিয়োগকর্তাদের অগ্রিম টাকা দেওয়ায় তাঁর ছেলেরা বিপাকে পড়েছে। তবে লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, আগামী সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভুক্তভোগী ও অভিযুক্তদের পরিবারের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে। বিয়ানীবাজার থানার ওসি মো. ওমর ফারুক জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং সমঝোতার মাধ্যমেই বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
এ রহমান
মন্তব্য করুন: