দক্ষিণ সুরমায় সন্ধ্যা ৭টার পরও দোকান খোলা, চলে ‘চোর-পুলিশ খেলা’
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকায় সন্ধ্যা ৭টার পর দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে তা পুরোপুরি মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষায়, এলাকাজুড়ে চলছে ‘চোর-পুলিশ খেলা’ পরিস্থিতি।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার পর থানা ও ফাঁড়ি পুলিশের টহল চলাকালে মাইকিং করে দোকান বন্ধ করতে বলা হলেও অনেক ব্যবসায়ী সামনের আলো নিভিয়ে ভেতরের আলো জ্বালিয়ে রাত ১১টা বা তারও পরে পর্যন্ত ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
অভিযোগ রয়েছে, কদমতলী, লিংক রোড, হুমায়ুন রশীদ চত্বর, জকিগঞ্জ সড়ক, ক্বীন ব্রিজ সংলগ্ন এলাকা, চাঁদনীঘাট, ভার্থখলা, গোটাটিকরসহ বিভিন্ন এলাকায় কিছু ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ম ভেঙে খোলা রাখা হচ্ছে।
স্থানীয়দের দাবি, পুলিশ উপস্থিত হলে দ্রুত শাটার নামিয়ে ফেলা হয়, আবার পুলিশ চলে গেলে দোকান খুলে দেওয়া হয়—এভাবেই চলছে ‘চোর-পুলিশ’ পরিস্থিতি।
তবে অনেক ব্যবসায়ী দাবি করেছেন, তারা সরকারি নির্দেশনা মেনে সন্ধ্যা ৭টার মধ্যেই দোকান বন্ধ করেন। তাদের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ম ভাঙছেন।
এ বিষয়ে দক্ষিণ সুরমা ফাঁড়ির নবাগত ইনচার্জ এসআই মফিজুর রহমান বলেন, নিয়মিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালানো হচ্ছে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, পুলিশ কমিশনারের কঠোর নির্দেশনা অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
ডি আর ডি
মন্তব্য করুন: