সিলেটে দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজির বাজারে
Led Bottom Ad

সিলেটে দাম কিছুটা কমলেও স্বস্তি নেই সবজির বাজারে

প্রথম সিলেট প্রতিবেদন

১৭/০৪/২০২৬ ১৪:১৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের কাঁচাবাজারে কয়েকটি সবজির দাম কিছুটা কমলেও তাতে স্বস্তি পাচ্ছেন না সাধারণ ক্রেতারা। বাজারে এখনও বেশির ভাগ পণ্যের দাম তুলনামূলক বেশি রয়েছে।


শুক্রবার নগরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, করলা প্রতি কেজি ৬০–৭০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, টমেটো ৪০ টাকা, লাউ ৭০ টাকা, বেগুন ৮০ টাকা, পেঁপে ৫০ টাকা, কাঁকরোল ১৪০ টাকা, কুমড়া ৫০ টাকা এবং লেবু প্রতি হালি ৩০ টাকায় বিক্রি হচ্ছে।


ক্রেতারা বলছেন, কিছু পণ্যের দাম কমলেও সামগ্রিকভাবে বাজারে স্বস্তি নেই। এক পণ্যের দাম কমলেও অন্যটির দাম বেশি থাকায় মোট খরচ কমছে না।


নগরের আম্বরখানা এলাকার এক ক্রেতা রাকিব হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম কমেছে, তবে বাজার খরচে তেমন প্রভাব পড়েনি। আরেক ক্রেতা জানান, টমেটো ও ঢেঁড়সের দাম কমলেও বেগুন ও কাঁকরোলের মতো পণ্যের দাম এখনও বেশি।


গৃহিণী সাহানাজ বলেন, আগে যে টাকায় কয়েক দিনের বাজার করা যেত, এখন তা একদিনেই শেষ হয়ে যাচ্ছে। ফলে প্রতিদিন নতুন করে হিসাব করতে হচ্ছে।


বিক্রেতারা জানান, কিছু সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। তবে সব পণ্যের ক্ষেত্রে একই চিত্র নয়। পাইকারি বাজারে দামের ওঠানামা এবং পরিবহন খরচ বাড়ার প্রভাব খুচরা বাজারেও পড়ছে।


সবজি বিক্রেতা কাউসার আহমেদ বলেন, সরবরাহ নিয়মিত না থাকলে আবার দাম বাড়ার আশঙ্কা থাকে। নগরের কদমতলী এলাকার এক বিক্রেতা জানান, পাইকারি বাজার থেকেই অনেক সময় বেশি দামে কিনতে হয়, ফলে কম দামে বিক্রি করা কঠিন হয়ে পড়ে।


সংশ্লিষ্টদের মতে, মৌসুমি সবজির সরবরাহ আরও বাড়লে এবং পরিবহন পরিস্থিতি স্বাভাবিক থাকলে বাজারে দাম ধীরে ধীরে কমতে পারে। তবে আপাতত ক্রেতাদের জন্য পুরোপুরি স্বস্তি ফিরতে আরও সময় লাগবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad