সিলেটের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার শনিবার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার কার্যক্রম শুরু করতে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে সিলেট বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে আগামী শনিবার (১৮ এপ্রিল)।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (১৭ এপ্রিল) থেকে দলের মনোনয়ন বোর্ড বিভাগওয়ারী এই সাক্ষাৎকার গ্রহণ শুরু করবে। প্রথম দিন শুক্রবার বেলা তিনটা থেকে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। দ্বিতীয় দিন শনিবার একই সময়ে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে এই মনোনয়ন বোর্ডে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ইতোমধ্যে যারা মনোনয়নের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন, তাঁদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সাক্ষাৎকার বোর্ডে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে যোগ্য ও ত্যাগী নেত্রীদের বাছাই করতেই এই বিশেষ সাক্ষাৎকার প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: