জ্বালানি তেলের পাচার রোধে সিলেটের ৩ জেলাসহ ৯ জেলার ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুদ প্রতিরোধ এবং পাচার রুখতে কঠোর অবস্থানে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বিজিবি-৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সরাইল রিজিয়নের আওতাধীন সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ দেশের মোট ৯টি জেলার ১৯টি জ্বালানি ডিপোতে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রীমঙ্গল উপজেলার পদ্মা, যমুনা ও মেঘনা—এই তিনটি প্রধান ডিপোতে বিজিবির দুই প্লাটুন সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছেন। এছাড়া সীমান্ত এলাকায় ১১৫ কিলোমিটার জুড়ে টহল জোরদার করা হয়েছে এবং আইসিপি ও এলসিপি দিয়ে চলাচলকারী যানবাহনগুলোতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে যাতে অতিরিক্ত তেল বহনের মাধ্যমে পাচারের কোনো সুযোগ না থাকে।
বিজিবি অধিনায়ক আরও জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের আওতাভুক্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ও আকস্মিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি বাড়ানো হয়েছে। এদিকে তেলের পাম্পগুলোতে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে পাম্প মালিক, বিজিবি ও পুলিশ কর্মকর্তাদের নিয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বিজিবি মোতায়েনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে তারা এখন অনেক বেশি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। বিজিবির এই তৎপরতায় জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা পাচারের অপচেষ্টা প্রতিহত করা সম্ভব হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জনগণকে তেল নিয়ে ছড়ানো কোনো গুজবে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছেন।
এ রহমান
মন্তব্য করুন: