শাকসু নির্বাচন বন্ধে ভোটাধিকার সংকটে শিক্ষার্থীরা: দাবি ভিপি প্রার্থী শিশিরের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধ করা ভোটাধিকার হরণের প্রথম ধাপ—এমন মন্তব্য করেছেন শাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত দুর্বার সাস্টিয়ান ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী দেলোয়ার হাসান শিশির।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
দেলোয়ার হাসান শিশির বলেন, শাকসু নির্বাচনের প্রধান সংকট হলো এখনো আবেদন গ্রহণ শুরু না হওয়া। তাঁর দাবি, তাঁদের করা মামলার আইনি ভিত্তি শক্ত। আবেদন গ্রহণ করা হলে রায় তাঁদের পক্ষেই আসবে বলে তিনি আশাবাদী। তিনি আরও বলেন, সর্বোচ্চ পর্যায় থেকে এই মামলা প্রত্যাহারে নিরুৎসাহিত করা হয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন।
তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের ইউনিট থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধে ভূমিকা রেখেছে। বড় বড় আইনজীবীর মাধ্যমে একটি ছোট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ানোর মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া আর কেউ নেই।’
এ সময় তিনি শাকসু নির্বাচন বন্ধকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।
তাহির আহমদ
মন্তব্য করুন: