পরীমনিকে নিয়ে দেশের বাইরে যেতে চেয়েছিলেন আসিফ মাহমুদ!
‘আসিফ মাহমুদ আমাকে নক করেছিলেন, তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং আমাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন’—এমন শিরোনামে জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে প্রকাশিত একটি সংবাদের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দাবি করা হচ্ছে, সংবাদটি বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদকের করা। প্রচারিত ছবির বিস্তারিত অংশে লেখা রয়েছে, ‘জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি সম্প্রতি দিয়েছেন এক চাঞ্চল্যকর তথ্য। তিনি জানিয়েছেন, তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে মোবাইলের মাধ্যমে নক করেছিলেন। তখন তিনি উপদেষ্টা ছিলেন এবং তাকে নিয়ে দেশের বাইরে ঘুরতে চেয়েছিলেন। তবে বিষয়টিকে তিনি গুরুত্ব দেননি।’
তবে অনুসন্ধানে জানা যায়, পরীমনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট—ফেসবুক ও ইনস্টাগ্রামেও এ–সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এরপর বাংলাদেশ প্রতিদিন এমন কোনো সংবাদ প্রকাশ করেছে কি না, তা যাচাই করা হয়। পত্রিকাটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে অনুসন্ধান করেও এ–সংক্রান্ত কোনো সংবাদ বা তথ্য পাওয়া যায়নি। ইতিহাসেরবই পড়ুন
পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সংবাদটির ছবিটি একাধিক ডিটেক্টরের মাধ্যমে যাচাই করা হয়। এতে দেখা যায়, ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।
অতএব, বাংলাদেশ প্রতিদিনের প্রিন্ট সংস্করণে পরীমনি ও আসিফ মাহমুদকে নিয়ে এমন সংবাদ প্রকাশের যে ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, সেটি বাস্তব নয়; ছবিটি এআই দিয়ে তৈরি।
ডিডি/ নীরব চাকলাদার
মন্তব্য করুন: