সিলেটে দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল যুবকের

সিলেটে দুই ভাইয়ের বিরোধে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

০৩/১১/২০২৬ ২০:০৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে পারিবারিক বিরোধের জেরে সাইফুর রহমান (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সোমবার (২ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার শেরপুর টোলপ্লাজাসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। সম্পর্কে তারা ফুফাতো-মামাতো ভাই।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইফুর ও সেজুর পরিবারের মধ্যে গত কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশের একটি দোকানে অবস্থান করছিলেন সাইফুর। এ সময় সেজু তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় সাইফুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাতেই সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা প্রথম সিলেটকে জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সেজু মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad