ব্যবসায়ীদের উদ্যোগে ফুটপাতমুক্ত শিবগঞ্জ, সিলেটে নতুন দৃষ্টান্ত
নগরজুড়ে ফুটপাত দখলমুক্ত করা নিয়ে যখন চলছে উচ্ছেদ অভিযান আর দখলদারদের সঙ্গে প্রশাসনের চোর-পুলিশ খেলা, তখন ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করল বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। প্রশাসনের ওপর পুরোপুরি নির্ভর না করে নিজেদের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করতে মাঠে নেমেছেন শিবগঞ্জের ব্যবসায়ীরা। তাঁদের এই সম্মিলিত ও দায়িত্বশীল উদ্যোগে শাহপরান থানা-পুলিশের সহযোগিতায় বৃহত্তর শিবগঞ্জ এলাকা নগরের প্রথম ফুটপাতমুক্ত বাণিজ্যিক এলাকা হিসেবে নতুন পরিচিতি পেয়েছে। একই সঙ্গে কমে এসেছে দীর্ঘদিনের যানজটও।
ব্যবসায়ীদের এই উদ্যোগ কেবল একটি এলাকার ফুটপাত দখলমুক্ত করার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং নগর ব্যবস্থাপনায় নাগরিক দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত সদিচ্ছার এক অনুকরণীয় উদাহরণ। সাধারণত ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব প্রশাসনের ওপর বর্তালেও শিবগঞ্জের ব্যবসায়ীরা দেখিয়েছেন, নিজেদের এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য রক্ষায় ব্যবসায়ীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রশাসনের সহযোগিতার পাশাপাশি ব্যবসায়ীদের আন্তরিক অংশগ্রহণ থাকলে নগরের দীর্ঘদিনের অনেক সমস্যারই কার্যকর সমাধান সম্ভব।
এই অর্জনকে স্বাগত জানিয়ে বৃহত্তর শিবগঞ্জ ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতারা জানিয়েছেন, উদ্যোগটির সুফল দীর্ঘস্থায়ী করতে তাঁরা সবার মূল্যবান দিকনির্দেশনা ও পরামর্শ প্রত্যাশা করছেন। ব্যবসায়ী নেতৃবৃন্দের আন্তরিক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকলে শিবগঞ্জকে একটি নিরাপদ, ফুটপাতমুক্ত, যানজটমুক্ত ও আদর্শ বাণিজ্যিক এলাকা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী।
এ লক্ষ্যে শিবগঞ্জের চলমান কার্যক্রম সরেজমিনে পরিদর্শন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত ও পরামর্শ প্রদানের জন্য নগরের সব সম্মানিত ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শিবগঞ্জ বাজার পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে পরিষদ।
শিবগঞ্জের এই উদ্যোগ নগরের অন্যান্য বাজার ও বাণিজ্যিক এলাকার ব্যবসায়ীদেরও অনুপ্রাণিত করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। কারণ, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, আর সড়ক যানবাহনের জন্য—এই সাধারণ নাগরিক অধিকার নিশ্চিত করতে ব্যবসায়ীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
হাসান কবির চৌধুরী/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: