মোবাইল কোর্টের অভিযান
কোম্পানীগঞ্জে অবৈধ বালু-পাথর উত্তোলন : আটজনের কারাদণ্ড
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদী ও শাহ আরেফিন টিলা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগে আটজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) ভোর থেকে বিকাল পর্যন্ত চলা অভিযানে আটক ৮ জনের মধ্যে ৭ জনকে ৩ মাস এবং ১ জনকে ২ মাসের কারাদণ্ড দেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন—তাজুল ইসলাম, জামাল হোসেন, জিয়া, সাচ্চু মিয়া, ইউসুফ, আমিন, মো. মানিক ও জাকির হোসেন।
ধলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খানসহ পুলিশের একটি দল।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, “শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলন বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আজ একজনকে আটক করা হয় এবং তাকে ২ মাসের সাজা দেওয়া হয়েছে। সবাইকে কারাগারে পাঠানো হয়েছে।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন,“বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের নিয়মিত অভিযান চলছে। আটক ব্যক্তিদের আইনানুগভাবে দণ্ড দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এ রহমান
মন্তব্য করুন: