অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিতের অঙ্গীকার সিলেটে নবাগত এসপি কাজী আখতার উল আলমের
সিলেটের নবাগত পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে পুলিশ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। জনগণের আস্থা অর্জন করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনসহ সকল কাজে নিরলসভাবে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এসপি কাজী আখতার উল আলম বলেন, সিলেটের সীমান্তঘেষা ৬টি উপজেলার ১৮৯ কিলোমিটার এলাকা মাদক ও চোরাচালান দমনে বড় চ্যালেঞ্জ। এ কারণে সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হবে, প্রয়োজনে বিশেষ অভিযান পরিচালনা করা হবে।
সিলেটে বিপুল সংখ্যক প্রবাসী থাকায় তাদের নিরাপত্তা বিশেষভাবে বিবেচনায় নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, “প্রবাসীরা দেশে এসে যেন নিরাপদে সময় কাটাতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে।”
শীত মৌসুমে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় জেলার বিভিন্ন স্থানে ৩০টি চেকপোস্ট ও ৪৬টি মোবাইল টিম নিয়োজিত রয়েছে বলেও জানান তিনি।
সাইবার অপরাধ, অনলাইন প্রতারণা, বিকাশ-নগদের আর্থিক জালিয়াতি ও অনলাইন জুয়ার প্রসারকে ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন নবাগত এসপি। এসব বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। এ ছাড়া কিশোর গ্যাং দমনে ময়মনসিংহে কর্মরত থাকার অভিজ্ঞতা কাজে লাগানোর কথাও উল্লেখ করেন তিনি।
হয়রানিমূলক মামলা প্রসঙ্গে তিনি বলেন, “তদন্তে অপরাধ প্রমাণ না পেলে কাউকে হয়রানি করা হবে না। অভিযোগ সত্য না হলে নাম বাদ দেওয়া হবে।”
এ রহমান
মন্তব্য করুন: