১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে সিলেটে মেডিকেল টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের কর্মবিরতি
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা। আজ বুধবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণের গোলচত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন। দাবি পূরণ না হলে আগামী ৪ ডিসেম্বর সারাদিন পূর্ণমাত্রায় শাটডাউন পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট এম. আব্দুস সালাম। কর্মবিরতিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বক্তারা বলেন, রোগ নির্ণয় ও ওষুধ ব্যবস্থাপনাসহ স্বাস্থ্যসেবার নানা ক্ষেত্রে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের দাবি দীর্ঘদিন ধরে ঝুলে আছে, যা দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিতে যাওয়ারও কথা বলেন তাঁরা।
ডি আর ডি
মন্তব্য করুন: