সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না
সিলেটের উন্নয়ন বৈষম্য ও বঞ্চনার প্রতিবাদে মশাল মিছিল
সিলেটের উন্নয়ন বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর উদ্যোগে “সিলেট আন্দোলন”-এর অংশ হিসেবে এক বর্ণাঢ্য মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
তিনি আগামীকাল রবিবার সকাল ১১টা থেকে কোর্ট পয়েন্ট থেকে সুরমা মার্কেট পয়েন্ট পর্যন্ত গণঅবস্থান কর্মসূচি সফল করার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার রাতে নগরীর কুমারপাড়াস্থ নিজ বাসভবনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই কর্মসূচির ঘোষণা দেন।
আরিফুল হক জানান, উন্নয়ন বৈষম্য ও সরকারি প্রকল্পে অবহেলার প্রতিবাদে ‘সিলেট আন্দোলন’ নামে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। এতে রাজনৈতিক দলের পাশাপাশি ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক, পরিবহন শ্রমিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা যুক্ত হয়েছেন।
সভায় বক্তারা বলেন, “উন্নয়নের ক্ষেত্রে সিলেট সবসময়ই বঞ্চিত। কোর্ট পয়েন্টের পূর্ববর্তী সমাবেশে সরকারের প্রতি আলটিমেটাম দেওয়া হলেও কোনো উদ্যোগ দেখা যায়নি।”
তারা জানান, সড়ক, রেল, বিমান এবং নগর সেবায় সিলেট এখনো বৈষম্যের শিকার।
আরিফুল হক চৌধুরী বলেন, “সিলেটের প্রকল্পগুলো বছরের পর বছর ফাইলবন্দী। বাদাঘাটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ থেমে আছে, শহরের রাস্তাঘাটের সংস্কার প্রকল্পও বাস্তবায়ন হয়নি।”
তিনি ধর্মীয় নেতাদের আহ্বান জানান, মসজিদ-মন্দির-গির্জা ও প্যাগোডার উপাসনালয়ে যেন সিলেটের উন্নয়ন বঞ্চনার বিষয়টি তুলে ধরা হয়।
সম্প্রতি সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা এবং রেল উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে সিলেটের যোগাযোগ সমস্যা তুলে ধরেছেন বলে জানান আরিফুল হক। উপদেষ্টারা ১০টি নতুন রেলবগি দেওয়ার আশ্বাস দিলেও টিকিট ব্যবস্থাপনা ও অবকাঠামো উন্নয়নে এখনও অগ্রগতি হয়নি বলে জানান তিনি।
এ রহমান
মন্তব্য করুন: