সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের আয়োজনে
সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সিলেটে সাংবাদিকদের বিক্ষোভ
সিলেটে সাগর-রুনি হত্যার দ্রুত বিচারসহ সাংবাদিকদের ন্যায্য অধিকার ও সুবিধা নিশ্চিতের দাবিতে শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সিলেট প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশের আয়োজন করে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এসএমইউজে)।
সমাবেশে সভাপতিত্ব করেন এসএমইউজে’র সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদর। সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক এম এ মতিন, অর্থ সম্পাদক কবির আহমদ, আইনজীবী মোঃ তাজ উদ্দিন, ফটোসাংবাদিক নাজমুল কবির পাভেল, সাংবাদিক নেতা শেখ আব্দুল মজিদ, জুনেদ আহমদ চৌধুরী, এ কে কাওসার আহমদ, এইচ এম শহীদুল ইসলাম ও অন্যান্য সদস্যরা। এছাড়া বিভিন্ন সংবাদকর্মী ও বিশিষ্ট নাগরিকরাও সমাবেশে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পার হলেও এখনও মামলাটি অমীমাংসিত। তদন্ত প্রক্রিয়ার নামে দীর্ঘ সময় নষ্ট হয়েছে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, দ্রুত বিচার সম্পন্ন করে সাংবাদিক হত্যার দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে।
এছাড়া সাংবাদিকরা নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন এবং অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালসহ পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের দাবিও জানান। বক্তারা বলেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনা করেন, কিন্তু অনেকেই মাসশেষে ন্যায্য বেতন-বোনাস পান না। ওয়েজ বোর্ড বাস্তবায়ন হলে পেশাগত জীবনের মান ও নিরাপত্তা বৃদ্ধি পাবে।
সমাবেশে অংশ নেওয়া সাংবাদিক নেতারা আরও উল্লেখ করেন, ডিজিটাল যুগে সংবাদিক পেশা ক্রমেই ঝুঁকিপূর্ণ হচ্ছে। সঠিক নিরাপত্তা ব্যবস্থা ও আইনি সহায়তা না থাকলে সাংবাদিকদের কাজের স্বাচ্ছন্দ্য ও সমাজে তাদের অবদান হ্রাস পাবে।
এ রহমান
মন্তব্য করুন: