সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
Led Bottom Ad

বিজিবি’র অভিযান

সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

প্রথম সিলেট প্রতিবেদন

১৯/০৯/২০২৫ ১৯:৫২:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট সীমান্ত দিয়ে চোরাইপথে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনে পরিচালিত অভিযানে বিজিবি ৪৮ ও ১৯ ব্যাটালিয়ন পৃথকভাবে এসব পণ্য জব্দ করে। উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ কোটি ১৩ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।


বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, বিছনাকান্দি, ডিবিরহাওর, সোনারহাট, কালাসাদেক ও কালাইরাগ সীমান্ত ফাঁড়ি এবং ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল এসব অভিযান পরিচালনা করে। এছাড়া সিলেট নগরীর নাইওরপুল এলাকায়ও অভিযান চালানো হয়। এসব অভিযানে গরু, শাড়ি, কম্বল, টি-শার্ট, ট্রাউজার, পেঁয়াজ, টমেটো, পান, বিড়ি ও প্রসাধনী সামগ্রীসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।”

এদিকে, শুক্রবার পৃথক অভিযানে বিজিবি ১৯ ব্যাটালিয়নের জৈন্তাপুর সীমান্ত ফাঁড়ির টহল দল ফুলবাড়ি এলাকা থেকে ভারতীয় ১৫টি গরু এবং কানাইঘাটের সুরাইঘাট ফাঁড়ির টহল দল ২৪০ কেজি জিরা জব্দ করে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পণ্যসমূহ কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad