শ্রীমঙ্গলে খাদ্যপণ্যে অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

শ্রীমঙ্গলে খাদ্যপণ্যে অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

০৭/০৯/২০২৬ ২২:০২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোবাইল কোর্টের অভিযানে চিংড়িতে জেলি মেশানো এবং খাদ্যপণ্যে নানা অনিয়মের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল নতুন বাজার ও সিন্দুরখান রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম।

অভিযানকালে শ্রীমঙ্গল নতুন বাজারে চিংড়িতে জেলি পাওয়ায় দুই বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া সিন্দুরখান রোডের ভিআইপি বেকারিতে অভিযান চালিয়ে খাদ্যপণ্য উৎপাদনে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে নন-ফুডগ্রেড রঙ ব্যবহার, উৎপাদিত কিছু পণ্যে মেয়াদের লেবেল না থাকা, নকল ‘হরলিক্স’ বিস্কুট উৎপাদন, কিছু পণ্যে উৎপাদনের তারিখ পরবর্তী দিনের উল্লেখ, অপরিষ্কার ট্রেতে খাদ্যপণ্য উৎপাদন এবং ৩৭টি পণ্যের মধ্যে ৩৪টি পণ্যে বিএসটিআইয়ের অনুমোদন না থাকার বিষয়টি ধরা পড়ে। এসব অনিয়মের দায়ে ভিআইপি বেকারিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযান পরিচালনার সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মৌলভীবাজারের কর্মকর্তারা এবং পুলিশ বাহিনীর একটি টিম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম বলেন, “খাদ্যপণ্যে ভেজাল, অননুমোদিত উপাদান ব্যবহার কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার রক্ষায় মোবাইল কোর্টের অভিযান আরও জোরদার করা হবে। যারা খাদ্যে ভেজাল বা অনিয়মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসা করতে হলে অবশ্যই নিরাপদ খাদ্য আইন ও সংশ্লিষ্ট বিধিবিধান মেনে চলতে হবে।”

তিনি আরও বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।”

শাহিন আহমেদ/ নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad