জকিগঞ্জে শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে পুলিশের প্রস্তুতিমূলক সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে জকিগঞ্জ থানা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় জকিগঞ্জ শহরের একটি কনভেনশন হলে এ সভা আয়োজন করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) মো. মফিজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণব বিশ্বাস। এসময় থানা এলাকার ৮৫টি পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ফায়ার সার্ভিস, বিজিবি, পল্লী বিদ্যুৎ ও আনসার বাহিনীর কর্মকর্তারা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলেও এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এ উৎসবকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার, স্বেচ্ছাসেবক ও প্রশাসনের পক্ষ থেকে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকবে।
সভায় জানানো হয়, পূজাকালীন সময়ে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি বা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ থানা পুলিশকে অবহিত করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও পূজার নিরাপত্তায় সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাপনী বক্তব্যে ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, “জকিগঞ্জের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা সফলভাবে সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।”
এ রহমান
মন্তব্য করুন: