সিলেটে যানজট নিরসনে কঠোর কর্মসূচী রোববার থেকে শুরু
সিলেট শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করণের লক্ষ্যে এবার কঠোর হচ্ছে প্রশাসন। এই কর্মসূচীর আওতায় নগরের যত্রতত্র গড়ে তোলা অবৈধ স্ট্যন্ডসহ অবৈধ সকল যানবাহনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। একই সাথে মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা এবং অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদসহ যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়েও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামী রবিবার থেকে এই কর্মসূচী শুরু হবে জানিয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকালে সিলেট মহানগর পুলিশের এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ জানায়, সম্প্রতি সিলেটের নবনিযুক্ত পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ পিপিএম’র সাথে পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে এক সমন্বয়সভা অনুষ্টিত হয়।
ওই সভায় পুলিশ কমিশনার পরিবহন সংগঠনের সদস্যদের জানিয়ে দিয়েছিলেন, সিলেট শহরকে পরিচ্ছন্ন ও যানজটমুক্ত রাখতে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মেট্রোপলিটন এলাকায় কোনোভাবেই অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। রেজিস্ট্রেশন ও রুট পারমিটবিহীন, ডুপ্লিকেট লাইসেন্সধারী ও চোরাই গাড়ি, অবৈধ সিএনজিচালিত অটোরিকশা এবং অবৈধ সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিষয়েও সবাইকে সতর্ক করে দেওয়া হয়। অবৈধ যানবাহনগুলোকে শনিবারের (২১ সেপ্টেম্বর) মধ্যে মেট্রোপলিটন এলাকা থেকে সরিয়ে নেওয়ারও আল্টিমেটাম দিয়েছিলেন নবনিযুক্ত পুলিশ কমিশনার। সেই ঘোষণা অনুযায়ী রবিবার থেকে কঠোর ভূমিকায় মাঠে নামবে পুলিশ প্রশাসন এবং সংশ্লিষ্ট অন্যান্য বিভাগগুলো।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলমও অবৈধ যানবাহন এবং স্থাপনা উচ্ছেদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: