সিলেটে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরি
সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা গভীর রাতে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এ সময় কার্যালয়ে থাকা ৪ টি সিলিং ফ্যান খুলে নেয়। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে এ চুরির ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শামসুল আলম ওসমানীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ইউপি সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার দপ্তরের কাজ শেষে কার্যালয়ের সব কক্ষ তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা চলে যান। পরদিন সকালে গ্রাম পুলিশ সজল কান্ত অফিসে গিয়ে দেখেন, প্রধান ফটকের তালা ভাঙা। পরে বিষয়টি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাকে জানানো হলে তারা এসে দেখতে পান,ডিজিটাল সেন্টারের দরজা ও কলাপসিবল গেটের ৪টি তালা ভাঙা এবং হল রুমের ৪টি ফ্যান চুরি হয়ে গেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশকে পাহারাদার আনছার আলী জানান, রাত ৪টার দিকে বৃষ্টি শুরু হলে তিনি পাশ্ববর্তী বাসায় চলে যান। ওই সময়েই চুরির ঘটনাটি ঘটে থাকতে পারে।
ওসমানীনগর থানার ওসি (তদন্ত) এস. এম. মাহমুদ হাসান রিপন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন বলেন, “বিষয়টি ইতিমধ্যে লিখিতভাবে থানা পুলিশকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত চোরদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: