প্রতিষ্ঠাবার্ষিকীতে ওসমানীনগরে হুমায়ুন ও লুনাপন্থীদের পৃথক কর্মসূচী
সিলেটের ওসমানীনগর উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ বিভাজন আবারও প্রকাশ্যে এসেছে। দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পালিত কর্মসূচিতে এ চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। ১ সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির সমর্থক ফোরামের উদ্যোগে গোয়ালাবাজারে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অপরদিকে, ইলিয়াসপন্থী তাহসিনা রুশদীর লুনা গ্রুপ নির্ধারিত দিনে কোনো কর্মসূচি না করায় তৃণমূলে প্রশ্ন উঠেছে। পরে ৩ সেপ্টেম্বর দয়ামীর বাজারের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও র্যালির আয়োজন করে তারা।
তৃণমূল পর্যায়ের অভিযোগ, লুনাপন্থীরা সাংগঠনিক কার্যক্রমে পিছিয়ে পড়লেও ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য ইলিয়াস আলীর নাম ব্যবহার করছেন। বিপরীতে হুমায়ুন কবিরপন্থীরা নিয়মিত কর্মসূচির মাধ্যমে তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের কাছে তুলে ধরছেন। এতে সিলেট-২ আসনে লুনার জনপ্রিয়তা কমে আসছে এবং হুমায়ুন কবিরের প্রতি নেতাকর্মী ও সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে।
জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ এনায়েত হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক গয়াছ মিয়া অভিযোগ করেন— আওয়ামী লীগের শাসনামলে যেমন ‘রাজাকার’ শব্দ ঢালাওভাবে ব্যবহার করা হতো, তেমনি লুনা গ্রুপের কিছু নেতা এখন হুমায়ুন কবির সমর্থকদের ‘বহিষ্কৃত’ আখ্যা দিয়ে বিভাজন তৈরির চেষ্টা করছেন। তাদের মতে, এটি আওয়ামী লীগের পুরনো মানসিকতার প্রতিফলন।
তারা আরও দাবি করেন, জনগণ পরিবারতন্ত্রের রাজনীতি নয়, বরং কর্মসূচিভিত্তিক রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে। ফলে লুনা গ্রুপের প্রতি ক্ষোভ বাড়ছে এবং হুমায়ুন কবিরের অবস্থান তৃণমূলে আরও সুদৃঢ় হচ্ছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: