সিলেটে চেয়ারম্যানের চেয়ারে টিকটকার, ৩ কর্মচারীকে শোকজ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের আসনে বসে টিকটক ভিডিও ধারণের অভিযোগে তিন কর্মচারীকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় শুক্রবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গোলাপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেই সঙ্গে গঠিত হয়েছে তদন্ত কমিটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি টিকটক ভিডিওতে দেখা যায়, এক তরুণী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের তৎকালীন চেয়ারম্যান মনজুর কাদির শাফি চৌধুরী'র আসনে বসে গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে অভিনয় করছেন। মনজুর কাদির সরকার পরিবর্তনের পর প্রবাসে চলে যান। এরপর থেকে তার কার্যালয়টি তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে, জন্মনিবন্ধন সংক্রান্ত কাজে আসা দুই তরুণী পাশের একটি কক্ষ দিয়ে তালাবদ্ধ কার্যালয়ে প্রবেশ করে ভিডিওটি ধারণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বর্তমানে উপজেলা প্রশাসকের দায়িত্বে থাকা মিলটন চন্দ্র পাল জানান, বিষয়টি নজরে আসার পর তারা জিডি করেছেন এবং উপজেলা প্রকৌশলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: