সিলেটে ইউসেপের কর্মশালা
লিঙ্গ সমতা ও শিশু অধিকার রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান
শিশু অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, লিঙ্গ সমতা প্রতিষ্ঠা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে গুরুত্বপূর্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) নগরীর উপশহর এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ-এর সম্মেলন কক্ষে ইউসেপ সিলেট অঞ্চলের আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং ইউসেপ বাংলাদেশের 'ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট' বিভাগ কর্মশালাটির উদ্যোগ নেয়।
ইউসেপ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউসেপ বাংলাদেশের ইনক্লুশন অ্যান্ড এমপ্লয়মেন্ট বিভাগের টিম লিডার মোঃ রেজাউল করিম।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এতে অংশ নেন।
কর্মশালার শুরুতে আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মাদ কাইউম মোল্লা পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ইউসেপ বাংলাদেশের শিশু অধিকার, লিঙ্গ সমতা এবং বাল্যবিবাহ ও সহিংসতা বিষয়ক বিভিন্ন তথ্য ও পরিসংখ্যান তুলে ধরেন।
পরবর্তী মুক্ত আলোচনা পর্বে বক্তারা বলেন, শিশু অধিকার নিশ্চিত করা কিংবা লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা একক কোনো প্রতিষ্ঠানের পক্ষে সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার ও সমাজের সর্বস্তরের মানুষের যৌথ প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, স্থানীয় পর্যায়ে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে শিশু ও নারীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন সমাজ গঠন করা সম্ভব।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: