উৎসবের রঙে সাজছে রকল্যান্ড
নিউইয়র্কে ২৫০ বছরের ইতিহাসে বাংলা সাহিত্যের পূর্ব-পশ্চিম সেমিনার
বই মানেই তো প্রাণের স্পন্দন, আর বইমেলা মানে প্রবাসের বুকেও এক টুকরো বাংলাদেশের উৎসব! প্রবাসী সাহিত্যপ্রেমীদের হৃদয়ে আনন্দের দোলা দিতে এবং সাহিত্য-সংস্কৃতির অকৃত্রিম বন্ধনকে উদযাপনের লক্ষ্য নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘রকল্যান্ড সাহিত্য উৎসব ও বইমেলা ২০২৬’। বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির উদ্যোগে দুই দিনব্যাপী এই সার্বজনীন প্রাণের মেলা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ জুলাই (শনিবার ও রবিবার)।
বইয়ের গন্ধ, কবি-লেখকদের আড্ডা আর মুক্তচিন্তার প্রদীপে বিশ্বমঞ্চে বাংলা সাহিত্যকে উদ্ভাসিত করতেই এই আয়োজন। উৎসবের প্রথম দিনেই রয়েছে এক বিশেষ আকর্ষণ—যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক প্রেক্ষাপটে একটি সময়োপযোগী ও তাৎপর্যপূর্ণ বিশেষ সেমিনার।
সেমিনার বিষয়: ‘যুক্তরাষ্ট্রের ২৫০ বছর: বাংলা সাহিত্যের পূর্ব-পশ্চিম’। সময়: ২৫ জুলাই ২০২৬, শনিবার, বিকেল ৫:২৫ মিনিট।
বাঙালি মনন ও বৈশ্বিক সাহিত্যের সেতু বন্ধন নিয়ে এ গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন দুই বাংলার স্বনামধন্য সাহিত্যিক ও প্রজ্ঞাবান চিন্তাবিদগণ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, কবি মুহম্মদ নুরুল হুদা,কবি সুবোধ সরকার,লেখক ড. মোস্তফা সারওয়ার,লেখক ড. মোহাম্মদ মাসুম।
অনুষ্ঠানটিতে সুনিপুণ সঞ্চালনায় থাকবেন প্রখ্যাত কবি ফকির ইলিয়াস।
প্রবাসে বাংলা ভাষা, বর্ণমালা ও সাহিত্যের এই মেলবন্ধন কেবল একটি আয়োজন নয়—এটি শিকড় ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগের এক অনন্য প্রকাশ। আয়োজক সংস্থা বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির পক্ষ থেকে সকল বইপ্রেমী, লেখক ও সংস্কৃতিমনস্ক মানুষকে এ আনন্দ উৎসবে যোগ দিয়ে বইমেলার প্রাণস্পন্দন ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: