জৈন্তাপুরে ট্রাক-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ আহত ২
সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের ঘাটেরছড়ি এলাকায় বালুবোঝাই ট্রাক ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকচালক ও এক শিশুসহ অন্তত দুইজন আহত হয়েছেন। আজ সোমবার (৬ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে ঘাটেরছড়ি এলাকার অলির দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলংগামী যাত্রীবাহী একটি লেগুনা এবং সিলেটগামী বালুবোঝাই একটি মিনি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আটকে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত ট্রাকচালক এবং লেগুনায় থাকা আনুমানিক সাত বছর বয়সী এক শিশুসহ আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে তামাবিল হাইওয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে তা স্বাভাবিক হয়।
এ বিষয়ে তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্ত্তী বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ায় মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সাইফুল ইসলাম বাবু / আর আর
মন্তব্য করুন: