ঝুঁকিতে শতবর্ষী বিদ্যালয়
সুরমার ভাঙনের কবলে জকিগঞ্জের মানিকপুর
সুরমা নদীর ভয়াবহ ভাঙনের কবলে জকিগঞ্জের মানিকপুর ইউনিয়ন। অব্যাহত ভাঙনের কারণে ইউনিয়নের শতবর্ষী একটি বিদ্যালয় পুরোপুরি ঝুঁকির মুখে।
এতে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছেন।
সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ১৯০৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সুরানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। শতবর্ষী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে নদীভাঙনের একেবারে কাছাকাছি অবস্থান করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রসুলপুর, দুধরচক, শিবেরচক, হরাইচক ও সুরানন্দপুর গ্রামের শতাধিক শিক্ষার্থী প্রতিদিন এ বিদ্যালয়ে পড়াশোনা করতে আসে। নদীভাঙন অব্যাহত থাকলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তাও হুমকির মুখে পড়বে।
মানিকপুর ইউনিয়নের সুরানন্দপুর প্রবাসী ফোরামের সভাপতি ও সমাজসেবক, পর্তুগাল প্রবাসী জুবায়ের আহমদ বলেন, “নদীভাঙনের কারণে গ্রামের সড়ক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাগুলো হুমকির মুখে রয়েছে। দ্রুত ও স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।”
এলাকাবাসী জানান, প্রতি বর্ষা মৌসুমেই সুরমা নদীর ভাঙনে জনপদ ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত স্থায়ী নদী প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হয়নি। ফলে প্রতি বছরই নতুন নতুন এলাকা ভাঙনের শিকার হচ্ছে। ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে অবিলম্বে নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
মোর্শেদ লস্কর / তাহির আহমদ
মন্তব্য করুন: