জৈন্তাপুরে ‘প্রজেক্ট শিফা’র আওতায় শিশুদের বিনামূল্যে টিকাদান কর্মসূচি
সিলেটের জৈন্তাপুরে যুক্তরাজ্য ও বাংলাদেশের যৌথ সহযোগিতায় ইউকে প্রবাসী নাশিতা নাজওয়ার উদ্যোগে ‘প্রজেক্ট শিফা (Project Shifa)’-এর আওতায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি ও বিনামূল্যে টিকাদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১০টা থেকে দিনব্যাপী উপজেলার দরবস্ত মরিয়ম মেমোরিয়াল হাসপাতালে আয়োজিত এ কর্মসূচিতে ৩ থেকে ৮ বছর বয়সী শিশুদের বিভিন্ন সাধারণ সংক্রামক রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়। কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল-“প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি তাঁর বক্তব্যে কর্মসূচির উদ্যোক্তা ও তাঁর ভাগনি নাশিতা নাজওয়ারের ভূয়সী প্রশংসা করে বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের একটি চ্যারিটেবল অর্গানাইজেশনের সহযোগিতায় এমন মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি সমাজে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে শিশুদের জ্বর, সর্দি, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ভ্যাকসিন প্রদান করা হয়।
এ বিষয়ে উদ্যোক্তা নাশিতা নাজওয়া বলেন, “আজ এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। শিশুদের বিনামূল্যে টিকা গ্রহণ করতে দেখে আমি সত্যিই আনন্দিত। আমি আশা করি, ভবিষ্যতে আরও বেশি মানুষকে এই সেবার আওতায় আনতে পারব। এটি একটি ছোট উদ্যোগের সূচনা মাত্র। ইনশাআল্লাহ ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে পরিচালিত হবে। ‘প্রজেক্ট শিফা’র মূল লক্ষ্যই হলো— প্রতিরোধের মাধ্যমে সুরক্ষা। আমি আশা করি, এই উদ্যোগের মাধ্যমে আরও বেশি মানুষকে স্বাস্থ্যঝুঁকি থেকে সুরক্ষিত করা সম্ভব হবে। জাজাকাল্লাহু খাইরান।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক গোলাম কিবরিয়া, আনওয়ারুল আম্বিয়া, সাব্বির আহমেদ, আব্দুল করিম, ইঞ্জিনিয়ার তানভীর হোসেন, শামসউদ্দিন এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন।
এদিকে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনায় সিলেট ইম্পেরিয়াল হাসপাতালের পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম দায়িত্ব পালন করেন। তারা দিনব্যাপী শিশুদের স্বাস্থ্য পরীক্ষা ও ভ্যাকসিনেশন কার্যক্রম সম্পন্ন করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও ‘প্রজেক্ট শিফা’র আওতায় আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্যসেবা ও জনসচেতনতামূলক কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সাইফুল ইসলাম বাবু / মীর্জা ইকবাল
মন্তব্য করুন: