মুক্তি মণ্ডল এর কবিতা ‘অনুকম্পাহীন পুতুলগুলো ও অন‍্যান‍্য’

গুচ্ছ কবিতা

মুক্তি মণ্ডল এর কবিতা ‘অনুকম্পাহীন পুতুলগুলো ও অন‍্যান‍্য’

প্রথম ডেস্ক

০৪/০৭/২০২৬ ০৩:০২:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মুক্ত মূর্তিগুলি

*

এখনো শেষ হয়নি মুক্ত মূর্তিগুলি 

কোথাও না কোথাও হয়তো 

প্রতীতির গায়ে জ্বলে উঠছে অঞ্জলি 


এই সময় আঁধারে 

বিষণ্ণ-বিষাদ ঠেলে বহু মানুষ 

উঠে দাঁড়াচ্ছে  

তবু দেয়ালের ভেতর রক্তাক্ত মুখগুলো 

খুঁজে চলেছে জোনাক আলো 

মানুষের চোখগুলো ডুবে আছে ঘৃণার স্তূপে 

নেই কোনো প্রতিবাদ-প্রতিরোধ 

যদিও একটা গাছ আর একটা গাছকে 

জড়িয়ে ধরছে অন্ধকূপে 


প্রতিদিন ভোরবেলা মনে হয় তুমি তৃণভূমি 

ইস্পাতের গায়ে ঘুণপোকা আমি 

তোমার শরীরে গেঁথে আছে ধূধূ হাহাকার 

অন্ধকারে যেন হচ্ছে হরিণ শিকার!


মরা নদীর দুঃখগুলো 

*

মরা নদীর দুঃখগুলো তোমার মতো 

আলোর মোহে উড়ে চলা পালক যেন 

পার হতে চায় অনেক দূরের পথ 

জ্বলে সবুজ রোদে ছিটকে পড়া নথ 


বোবা অন্ধকারে 

তোমার মাথার ভেতর বিবস্ত্র স্বপ্ন-ধুলো 

রাষ্ট্রে রক্ত মাখামাখি 

ঘুমহীন মানুষের কাটা জিভেগুলো 


তোমাকে দেখে লাফিয়ে ওঠে 

যন্ত্রযান, দূষিত গলিত ক্রোধ

জেগে ওঠে ভয়

তখন নিজেকে মুছে ফেলার সমস্ত অভিপ্রায় 

তীব্র হয়


নগ্ন কুহক

*

যেভাবে হারিয়ে যায় দীপ্ত জ্বলে ওঠা চোখ 

মুঠো মুঠো চন্দ্রালোর কণা 

স্মৃতি শূন্য টিলা 

সেভাবে হারিয়ে যাবে একদিন জোনাকও 

কোথাও করবে না কেউ অবরোধ 

অরণ্য থেকে উঠে যাবে মানুষের দৃষ্টি সীমা 


তবু ভোরালোয় 

খুলে যাবে জঙ্গল আভার সবগুলো জানালা 

ফিরে আসবে আবারও 

তারা ভর্তি রাতের তরী 

জলের শব্দে মুখরিত হবে মোহনা 


আমরা পুনরায় উড়ে যাব বন্য হাওয়ার দিকে 

যেরকম সবুজ ঘ্রাণ ছড়ায় সন্ত্রাস সেরকম নগ্ন কুহকে


অনুকম্পাহীন পুতুলগুলো

*

গণ-অন্ধত্বের এই দেশে 

এত মৃত মুখ! 

অন্ধকার ঢেকে আছে 

শত মৃত মুখে 

অচেতন লাগছে নিজেকে

না বলতে পারা কথাগুলো 

ভেসে যাচ্ছে স্রোতে 

কালো সমুদ্রের দিকে 


আমরা আনুগত্যে নতজানু

মানুষগুলিকে দেখি 

রাষ্ট্র নিগ্রহেও অনুরক্ত এরা 

ভীষণ মেকি 


অনুকম্পাহীন এই পুতুলগুলো 

দেখে মনে জাগছে ভয় 

মৃত শিশুদের মুখের মতো 

হয়ে উঠছে আমাদের সকল বিস্ময়


দিনলিপি 

*

বহু মানুষ মনের গভীরে ক্ষত নিয়েই বেঁচে আছে 

দূরে ভিড়ছে আলোর তরী 

তাঁরা দেখছে না কিছু 

তাঁদের বোবা চাহনি, দৃষ্টি যেন গলিত মিনার 

আমরা দেখছি জ্বলন্ত ডুবুরি 

যে ভাষায় কথা বলো 

সেই ভাষা পালক উড়ে চলা দৃশ্যের মতো 

নদী জলের গহিনে 

মৌন আকাশের ছায়া যেন 


শহরে চলছে যে জঙ্গলাইন 

সেখানে তোমার কোনো চিহ্ন নেই 

নেই কোনো পাতার সঙ্কেত 

তবু হাওয়া বয়ে যায় তোমার কথা 

তখন পাওয়া যায় বনের আভাস 


আমি তোমার ভেতর লুকিয়ে লুকিয়ে দেখি 

সুবিস্তৃত হাঁটা বনপথ 

দেখি চারদিকে ঝুলে আছে পেকে ওঠা ফল 


তোমার এ শহর 

ভরে উঠেছে খুনি ও ধর্ষকে

দেখছি টকশো-রিলেতে 

কথা বলছে

জনবিচ্ছিন্ন অসংখ্য ভালুকে

__________________

(মুক্তি মণ্ডল। কবি)

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন: