সিলেটে জুন মাসে এসএমপি’র অভিযানে ২,৩২২ জন গ্রেফতার

বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য উদ্ধার

সিলেটে জুন মাসে এসএমপি’র অভিযানে ২,৩২২ জন গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/০৭/২০২৬ ২০:৫৭:৫৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকল্পে সদ্যসমাপ্ত জুন (২০২৬) মাসজুড়ে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মাসব্যাপী এ অভিযানে ২ হাজার ৩২২ জনকে গ্রেফতার করার পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়েছে।


এসএমপি’র মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি-মিডিয়া) মোঃ মনজুরুল আলম।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে জুন মাসজুড়ে এসএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।


মাসব্যাপী অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২,৩২২ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে মাদকসেবী ও কারবারি: ৭৪৪ জন,ওয়ারেন্টভুক্ত আসামি: ১৮৯ জন,জুয়াড়ি: ১৭৬ জন,ছিনতাইকারী: ২০ জন,চোর ও ডাকাত: ৩৬ জন,অসামাজিক কর্মকাণ্ডে জড়িত: ২৬ জন,হকার: ১৮৮ জন,মেট্রো অধ্যাদেশ ও সন্দেহভাজন: ৭২৫ জন ও অন্যান্য অপরাধ: ২১৮ জন। 


গ্রেফতারকৃতদের মধ্যে ৮৫২ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।


অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। এর মধ্যে রয়েছে, ১০,৬৭৪ পিস ইয়াবা, ২৮ কেজি ২৯৫ গ্রাম গাঁজা, ৭৯২ লিটার চোলাই মদ এবং ৬ বোতল বিদেশি মদ।


একই সাথে সিলেট সীমান্ত দিয়ে আসা বিপুল পরিমাণ চোরাই ও অবৈধ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের তালিকায় রয়েছে ১৭,৬১০ কেজি ভারতীয় জিরা,১৭,০৮৯ পিস ভারতীয় চকলেট, ২৬,৬৭৫ পিস ভারতীয় প্রসাধনী (কসমেটিকস),৩,৫১৫ কেজি অবৈধ চা-পাতা,৯,৮৭,০০০ পিস শেখ নাসির উদ্দিন বিড়ি ও ১৬২ পিস ভারতীয় কম্বল এবং ১০০ পিস ভারতীয় শাড়ি।


মাদক ও অপরাধ দমনের পাশাপাশি জুন মাসে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধেও কঠোর অবস্থানে ছিল এসএমপি’র ট্রাফিক বিভাগ। মাসজুড়ে মোট ৪,৩৬০টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ২,০০৭টি যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের এবং ২,৩৫৩টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি কর্তৃপক্ষ জানিয়েছে, মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশের এই নিয়মিত ও বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সজল আহমদ

মন্তব্য করুন: