জকিগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন এমপি আবুল হাসান
প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত চারা বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য মুফতী মোহাম্মদ আবুল হাসান। তিনি তাঁর বক্তব্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষার্থীদের অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুর রহমান এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সারওয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম, উপজেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক কে. এম. মামুন, জকিগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান আহমদ, পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না, সদস্য কয়েছ আহমদ, জকিগঞ্জ পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং জকিগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মোর্শেদ লস্কর /সজল আহমদ
মন্তব্য করুন: