জৈন্তাপুরে অবৈধ পাথর বোঝাই ট্রাক জব্দ: ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ
সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় বিজিবির অভিযানে অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক জব্দকে কেন্দ্র করে বিজিবি ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে প্রায় দুই ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পরিবহন শ্রমিকরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
৪৮ বিজিবি সূত্রে জানা যায়, আজ শুক্রবার (৩ জুলাই) ভোরে শ্রীপুর বিওপির একটি টহল দল খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক জব্দ করে। কয়েক ঘণ্টা পর ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা বাধা দেন এবং জোরপূর্বক ৩টি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে গিয়ে পাথর আনলোড (খালাস) করে ফেলে। তবে পাথর ফেলে পালিয়ে যাওয়ার সময় ১টি ট্রাক গুচ্ছগ্রাম সড়কের মুখে আটকে দেয় বিজিবি।
এরই প্রতিবাদে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা এক ট্রাকশ্রমিককে মারধর করেছেন এবং এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছেন, যা স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি করে।
এ বিষয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, "উত্তেজিত শ্রমিকের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে সতর্কতামূলক (ওয়ার্নিং) হিসেবে শর্টগানের এক রাউন্ড ফাঁকা ফায়ার করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।" তিনি আরও অভিযোগ করেন, অবৈধ পাথর পাচার চক্রের সদস্যরা শাবলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সরকারি দায়িত্বে বাধা ও বিজিবি সদস্যদের ওপর আক্রমণের চেষ্টা করে ৩টি ট্রাক ছিনিয়ে নিয়ে যায়।
এদিকে, মহাসড়ক অবরোধের কারণে সড়কের উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা চরম ভোগান্তিতে পড়েন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় ঘটনাস্থলে পৌঁছান। তিনি শ্রমিক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন। আলোচনায় সাধারণ শ্রমিকরা জীবিকার স্বার্থে শ্রীপুর পাথর কোয়ারি সনাতন পদ্ধতিতে পুনরায় চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ইউএনও'র প্রতি আহ্বান জানান।
তখন ইউএনও সুনন্দা রায় বলেন, "সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত। যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয়, এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।" তবে সাধারণ শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য তাঁর দপ্তর সবসময় উন্মুক্ত বলে তিনি জানান।
পরে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিজিবির হাতে আটক হওয়া ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নাজমুল হক, ২ নম্বর জৈন্তাপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, শ্রীপুর পাথর কোয়ারি বহুমুখী সমবায় সমিতির সভাপতি আব্দুল আহাদ এবং ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দ।
সাইফুল ইসলাম বাবু / ডি আর ডি
মন্তব্য করুন: