সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের (৩৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ধলাই নদীর ব্যাংকার এলাকার ৩ নম্বর পিলারের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সুব্রত সাহা বিকাশ লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সাদাপাথরে বেড়াতে আসেন সুব্রত। জিরোপয়েন্ট এলাকায় ধলাই নদীর উৎসমুখে গোসল করার সময় পানির তীব্র স্রোতে তিনি তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করলেও বৃহস্পতিবার রাত পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি।
আজ শুক্রবার সকালে স্থানীয় নৌকার মাঝি রুবেল মিয়া ধলাই নদীতে মাছ ধরতে গিয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহটি তীরে তুলে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহের পরিচয় নিশ্চিত করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে, এই ঘটনার পর বর্ষা মৌসুমে সাদাপাথরে পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। পাহাড়ি ঢল ও ধলাই নদীর প্রবল স্রোতের সময় ঝুঁকিপূর্ণ এলাকায় পর্যটকদের প্রবেশ নিয়ন্ত্রণ, পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং প্রশাসনিক নজরদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
তাহির আহমদ/ সজল আহমদ
মন্তব্য করুন: