আজ শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস
Led Bottom Ad

গান-বাজনা নিষিদ্ধ

আজ শুরু হচ্ছে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস

প্রথম সিলেট প্রতিবেদন

০৭/০৫/২০২৬ ০০:৪৪:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম বার্ষিক ওরস মোবারক আজ বৃহস্পতিবার (৭ মে) থেকে শুরু হচ্ছে। প্রতি বছরের ন্যায় আরবি জিলকদ মাসের ১৮ ও ১৯ তারিখে আয়োজিত দুই দিনব্যাপী এই ওরসের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মাজারে গিলাফ চড়ানোর মধ্য দিয়ে। শুক্রবার ভোর রাতে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ওরসের ধর্মীয় অনুষ্ঠানাদি।

ওরসকে কেন্দ্র করে মাজার ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। মঙ্গলবার মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওরস চলাকালীন মাজার এলাকায় সব ধরনের গান-বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, "গিলাফ নিয়ে আসার সময় ভক্তরা অনেক সময় ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে আসেন, যা ওরসের শৃঙ্খলা ও পবিত্রতা নষ্ট করে। এবার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।" ইসলামবিরোধী কার্যকলাপ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান জানিয়েছেন, ওরসের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও বিশেষ দোয়া। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ভক্ত মাজার প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন।

এদিকে ওরসের শিরনির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয়েছে। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজার কর্তৃপক্ষের কাছে এই উপহার হস্তান্তর করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে মাজার কমিটি ও প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad