এনসিপি এমপি আব্দুল হান্নান মাসউদ
‘বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’
গণভোটের রায় নিয়ে বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে এবং দেশের মানুষ এই প্রতারণা বেশি দিন সহ্য করবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এনসিপির জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
হান্নান মাসউদ তাঁর বক্তব্যে অভিযোগ করে বলেন, দেশের মানুষ সংস্কারের ওপর আস্থা রেখে গণভোটে রায় দিয়েছিল, কিন্তু বিএনপি এখন সেই রায় ও জনগণের প্রত্যাশার সঙ্গে প্রবঞ্চনা করছে। তিনি বর্তমান সংসদকে ‘প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ’ হিসেবে অভিহিত করে বলেন, “অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে নিরঙ্কুশ করতে সহায়ক, বিএনপি কেবল সেগুলোকেই আইনে পরিণত করেছে। অন্যদিকে, সরকারকে জবাবদিহিতার আওতায় আনার জন্য যে সব সংস্কারমুখী অধ্যাদেশ ছিল, সেগুলো বাতিল করে দেওয়া হয়েছে।”
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার তাঁর বক্তব্যে বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যে এটি স্পষ্ট হয়ে গেছে যে বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করবে না। এমনকি তারা তাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেও ব্যর্থ হবে। এ সময় তিনি জনগণকে তাদের অধিকার ও সংস্কার আদায়ের লক্ষ্যে সোচ্চার হওয়ার আহ্বান জানান। জাতীয় কনভেনশনে এনসিপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে প্রকৃত গণতান্ত্রিক সংস্কার নিশ্চিত করার দাবি জানান।
এ রহমান
মন্তব্য করুন: