জকিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

জকিগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

০৫/০৯/২০২৬ ০৩:১০:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা ও বিশেষ পূজা-অর্চনার মধ্য দিয়ে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিনভর উপজেলার বিভিন্ন মন্দির ও আশ্রমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালিত হয়।

প্রতি বছরের মতো এবারও সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে জকিগঞ্জ পৌরসভার আলমনগর ঠাকুরপাড়ার শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম ঘটে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, লীলা কীর্তন, ধর্মীয় আলোচনা সভা, শ্রীকৃষ্ণের অভিষেক ও বিশেষ পূজা-অর্চনা।

বিকেল ২টায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ, জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্রী সজল কুমার সিংহ। সভায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন ফ্রন্ট, কাশ্যপ কল্যাণ পরিষদ, হিন্দু মহাজোট, যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। সত্য, ন্যায়, মানবিকতা ও শান্তির চর্চার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জন্মাষ্টমী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। বিকেল ৩টায় আলমনগর ঠাকুরপাড়ার শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণ থেকে বিশাল ব্যানার, রঙিন প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে শোভাযাত্রাটি বের হয়। ঢাক-ঢোল ও করতালের বাদ্যযন্ত্রের সঙ্গে এতে অংশ নেন বিপুলসংখ্যক ভক্ত। শোভাযাত্রাটি পৌরসভার কাস্টম ঘাট হয়ে জকিগঞ্জ বাজারের এম এ হক চত্বর অতিক্রম করে। পরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শ্রীশ্রী সত্য নারায়ণ মন্দির প্রাঙ্গণে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। শোভাযাত্রাকে ঘিরে পৌর এলাকার বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাতে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের অভিষেক ও বিশেষ পূজা-অর্চনা। এতে ভক্তরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়ে প্রার্থনা করেন। এ ছাড়া উপজেলার মুলিকান্দি ও দাউদপুর গ্রামের শ্রীশ্রী রাধা মদন গোপাল আশ্রমেও জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান, কীর্তন, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জকিগঞ্জে এবারও উৎসবমুখর পরিবেশে পার্থসারথি ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।


মোর্শেদ লস্কর / মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad