সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় ২৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণ
সুনামগঞ্জ জেলায় আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। দুপুর ১টা পর্যন্ত চলমান এই পরীক্ষায় জেলার বিভিন্ন পর্যায়ের ২৩ হাজার ২৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। পরীক্ষার প্রথম দিন ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র এবং সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার জেলায় মোট তিনটি বিভাগে পরীক্ষার্থীরা অংশ নিচ্ছে। এর মধ্যে ৪৫টি কেন্দ্রে ১৮ হাজার ৮৭ জন এসএসসি পরীক্ষার্থী, ১৪টি কেন্দ্রে ৪ হাজার ৪০ জন দাখিল পরীক্ষার্থী এবং ৮টি কেন্দ্রে ১ হাজার ১৪৯ জন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী রয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কেন্দ্রগুলোতে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জাকিয়া সুলতানা জানিয়েছেন, স্বচ্ছ ও সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি আগেই সম্পন্ন করা হয়েছিল। জেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার হোসেন জানান, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে এবারই প্রথমবারের মতো জেলার প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও প্রশ্নপত্র ফাঁস রোধে ‘একগুচ্ছ’ আধুনিক ও কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন, যা পরীক্ষা চলাকালীন সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রগুলোর আশেপাশে ১৪৪ ধারা জারি রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: