ওসমানীনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত ২ লাখ মানুষ
Led Bottom Ad

ওসমানীনগরে লোডশেডিংয়ে বিপর্যস্ত ২ লাখ মানুষ

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

১৬/০৪/২০২৬ ১৯:৫৯:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সারাদেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে সিলেটের ওসমানীনগর উপজেলায় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। এতে উপজেলার প্রায় দুই লাখ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ওসমানীনগরে দিনের বেলা ১০-১২ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ৪-৫ মেগাওয়াট। রাতে এই চাহিদা বেড়ে ১৬-১৭ মেগাওয়াটে দাঁড়ালেও সরবরাহ চাহিদার তুলনায় নগণ্য। ফলে প্রতিদিন দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বুধবার দুপুর থেকে টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ না থাকায় জনভোগান্তি চরম আকার ধারণ করে।

বিদ্যুতের এই অব্যাহত বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ও ব্যবসা খাত। বর্তমানে চলমান প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেছেন যে, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে, যা ঈদকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া ঘন ঘন ভোল্টেজ ওঠা-নামার কারণে ফ্রিজ, টেলিভিশন ও কম্পিউটারের মতো মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

কাশিকাপন জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. নাঈমুল হাসান জানিয়েছেন, জাতীয় গ্রিডে লোড ম্যানেজমেন্টের সমস্যার কারণে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে না। তবে সরকারের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাসের সঙ্গে বাস্তব পরিস্থিতির এই ব্যাপক অমিল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad