সুনামগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ৪ হাজার শিক্ষার্থী
দীর্ঘ ৫ মাস বিলম্বের পর সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলায় একযোগে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। গতকাল বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে জেলার ২০টি কেন্দ্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা শুরু হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় মোট ১১ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনের বাংলা পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৬ হাজার ৮৩১ জন এবং অনুপস্থিত ছিল ৪ হাজার ৫২৭ জন শিক্ষার্থী। গড় হিসেবে প্রথম দিন উপস্থিতির হার ছিল ৬০.১৪ শতাংশ। সেশন অনুযায়ী পরীক্ষা অনেক দেরিতে হওয়ায় এবং শিক্ষার্থীরা ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়ে যাওয়ায় উপস্থিতির হার আশানুরূপ হয়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ৯১৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২৯ জনই অনুপস্থিত ছিল। পরীক্ষা শেষে শিক্ষার্থীদের চোখে-মুখে সাফল্যের আনন্দ থাকলেও সময়সূচি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছে অনেকেই; তারা জানায়, বর্তমানে ষষ্ঠ শ্রেণির পড়ার পাশাপাশি বৃত্তি পরীক্ষার বাড়তি প্রস্তুতি নেওয়াটা বেশ চাপ সৃষ্টি করেছে। অভিভাবকদের পক্ষ থেকেও নিয়মিত সময়ে পরীক্ষা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এদিকে, সুনামগঞ্জ সদর উপজেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এসময় তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: