২০ এপ্রিল থেকে সিলেটে মাসব্যাপী এমআর টিকাদান ক্যাম্পেইন
সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। এ কার্যক্রম চলবে ১৯ মে পর্যন্ত।
ক্যাম্পেইনের আওতায় নগরের ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬৮ হাজার ৫৫০ জন শিশুকে এক ডোজ এমআর টিকা দেওয়া হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নগরভবনে আয়োজিত এক উদ্বুদ্ধকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, স্বাস্থ্যসেবা পাওয়া নাগরিকদের মৌলিক অধিকার। হাম-রুবেলা প্রতিরোধে এই টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। ক্যাম্পেইন সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, এনজিওকর্মী, ওয়ার্ড সচিবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, “আজকের শিশুরাই ভবিষ্যৎ। তাদের সুস্থ রাখতে সময়মতো টিকা দেওয়া জরুরি। সচেতনতার অভাবে কোনো শিশু যেন টিকা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর। এ ছাড়া বক্তব্য দেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও ডা. ফজলুল কাদের।
ডা. মো. জাহিদুল ইসলাম জানান, নির্ধারিত বয়সসীমার সব শিশুকেই এই ক্যাম্পেইনের আওতায় আনা হবে। আগে টিকা নেওয়া থাকলেও বা হাম-রুবেলায় আক্রান্ত হয়ে থাকলেও পুনরায় এক ডোজ এমআর টিকা নিতে হবে।
তিনি আরও জানান, ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে ইপিআইয়ের ভ্যাকসিনেশন অ্যাপ (VAXEPI)–এর মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে নিবন্ধন ছাড়াও সরাসরি টিকাকেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার সুযোগ থাকবে।
শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক শিশুদের নিজ নিজ প্রতিষ্ঠানে স্থাপিত কেন্দ্রে টিকা দেওয়া হবে। আর প্রতিষ্ঠানবহির্ভূত শিশুদের জন্য স্থায়ী ও অস্থায়ী ইপিআই কেন্দ্রে টিকা প্রদান করা হবে। কোনো কারণে প্রতিষ্ঠানে টিকা নিতে না পারলে নিকটস্থ যেকোনো কেন্দ্র থেকে টিকা গ্রহণ করা যাবে।
ডি আর ডি
মন্তব্য করুন: