সিলেটে নিয়ন্ত্রণহীন এলপিজি বাজার, চাপে সাধারণ মানুষ
সিলেটে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের বাজারে অস্থিরতা থামছে না। সরকার নির্ধারিত দাম থাকলেও বাস্তবে সেই দামে গ্যাস মিলছে না—বরং ভোক্তাদের কিনতে হচ্ছে বেশি দামে।
বাজার ঘুরে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার বর্তমানে বিক্রি হচ্ছে ২ হাজার টাকার ওপরে। কোথাও কোথাও দাম আরও বেশি। অথচ সরকারের নির্ধারিত নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা হলেও সেই দামে বিক্রির নজির খুবই কম।
কিছুদিন আগেও একই সিলিন্ডার ১ হাজার ৪০০ টাকায় পাওয়া যেত, যা পরে বেড়ে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় ওঠে। এরপর সরকার নতুন দাম নির্ধারণ করলেও বাজারে তা কার্যকর হয়নি বলে অভিযোগ ক্রেতাদের।
ক্রেতাদের অভিযোগ, কোম্পানি, পাইকারি ও খুচরা—সব স্তরেই সমন্বয়হীনতার কারণে দাম বেড়ে যাচ্ছে। পাশাপাশি হোম ডেলিভারি খরচ যুক্ত হয়ে ভোক্তার ওপর চাপ আরও বাড়ছে।
অন্যদিকে বিক্রেতাদের দাবি, আন্তর্জাতিক বাজারে দামের অস্থিরতা ও সরবরাহ সংকটের কারণে তারা নির্ধারিত দামে গ্যাস কিনতে পারছেন না। ফলে বেশি দামে কিনে বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সিলেটের একজন ডিস্ট্রিবিউটর জানান, পাইকারি পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৭৫০ থেকে ১ হাজার ৮৫০ টাকার মধ্যে। এতে সরকারি দামে বিক্রি করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।
এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, বাজারে নিয়মিত মনিটরিং চলছে এবং অভিযোগের ভিত্তিতে অভিযানও পরিচালিত হচ্ছে। তবে ক্রয়মূল্য ও সরবরাহ পরিস্থিতির কারণে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া জটিল হয়ে দাঁড়ায়।
বিশ্লেষকদের মতে, বাজারে কার্যকর নজরদারি ও সরবরাহ ব্যবস্থার সমন্বয় না হলে এলপিজি নিয়ে ভোক্তাদের ভোগান্তি আরও বাড়তে পারে।
ডি আর ডি
মন্তব্য করুন: