কোম্পানীগঞ্জে পাথরবাহী ট্রাক্টর উল্টে তরুণের মৃত্যু: আহত ১
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় সাদা পাথর বোঝাই একটি ট্রাক্টর উল্টে সুহান (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) ভোর ৬টার দিকে দয়ার বাজারের উত্তর পাশে ধলাই নদীর তীরবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সুহান পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধলাই নদীর পাড় থেকে সাদা পাথর বোঝাই করে আসার পথে কলাবাড়ি মাদ্রাসার পেছনের প্রধান সড়কে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়িতে থাকা শ্রমিক সুহান ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় ট্রাক্টরের চালক আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন। আহত আলীম উদ্দিনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিলেট পাঠিয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে ধলাই নদী তীরবর্তী এলাকায় পাথর পরিবহন ও যাতায়াতের ক্ষেত্রে চালকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: